
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর-জামালপুর সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভেছুন নাহার নিপু।
আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত ১০ এপ্রিল শুক্রবার তিনি দলীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেছিলেন।
পারভেছুন নাহার নিপু শেরপুর জেলার নকলা উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান। দলের দুঃসময়ে ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁর এই অগ্রযাত্রা আগামীর রাজনীতিতে নারীর দৃঢ় অবস্থান ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মনোনয়ন জমা দেওয়া শেষে পারভেছুন নাহার নিপু সাংবাদিকদের বলেন:
“আমি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা দমন-পীড়ন, হামলা ও রাজনৈতিক মামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকেছি। আমি আশাবাদী, দল আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করবে।”
তিনি আরও যোগ করেন:
“আসন্ন সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেলে জামালপুর ও শেরপুর জেলার উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, পারভেছুন নাহার নিপু বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন এবং রাজপথের বিভিন্ন আন্দোলনে সাহসী ভূমিকার জন্য দলের ভেতরে বেশ প্রশংসিত।