
শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০২৬
সরকারিভাবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। এর ধারাবাহিকতায় পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন সাবরিনা আক্তার (জিয়া)।
আসন্ন নির্বাচনে সমর্থন ও দোয়া চেয়ে সাবরিনা আক্তার ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের নানা সমস্যার কথা শুনছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার অলিগলি ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন তিনি। নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের বলিষ্ঠ আশ্বাস দিচ্ছেন এই প্রার্থী।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাবরিনা আক্তার (জিয়া) বলেন:
“আমি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোটার এবং আমার স্বামীর বাড়ি ৯ নম্বর ওয়ার্ডের আকন বাড়ি। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার অতি আপন। আপনাদের সুখ-দুঃখ ও পাশে থাকার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন এবং নাগরিক সেবার মান নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”
গণসংযোগকালে তার সাথে বিপুল সংখ্যক স্থানীয় সমর্থক ও কর্মী উপস্থিত থাকছেন। সাধারণ ভোটাররা জানান, সাবরিনা আক্তারের সরাসরি যোগাযোগ ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট। স্থানীয়দের ধারণা, ঈদুল ফিতরের পর থেকে তার এই নিরবচ্ছিন্ন গণসংযোগ নির্বাচনী মাঠে ইতিমধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
আজ ১২ এপ্রিল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নারী ভোটারদের সাথে বিশেষ কুশল বিনিময় করেন সাবরিনা আক্তার। এ সময় তিনি নারীদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।