
নিজস্ব প্রতিবেদক, শেরপুর |
শেরপুরে ভালো বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচার এবং সেখানে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ পাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ রবিবার রাত অনুমান ৭টা ২০ মিনিটের দিকে শেরপুর সদর থানাধীন কসবা মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাচারকারীর নাম মোঃ শামীম মিয়া ওরফে শামীম (২২)। তিনি শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা।
ঘটনার বিবরণ: সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার সহজ-সরল মানুষকে ভালো বেতনের চাকুরির মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে পাঠাত। পরবর্তীতে ভুক্তভোগীদের কম্বোডিয়ায় নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখা হতো। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করত চক্রটি।
অভিযান ও আইনি ব্যবস্থা: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি চৌকস দল কসবা মাজার এলাকায় অভিযান পরিচালনা করে শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মানবপাচারকারী এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।