
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার (পঞ্চগড়)
সর্বশেষ আপডেট: ৪ জুন, ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মোঃ শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শাহাদাত আলী ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করছিলেন শাহাদাত আলী। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একটি বজ্রপাত সরাসরি তাঁর ওপর পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
“বিকেলে মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
— নুরুজ্জামান নুরু, চেয়ারম্যান, ১নং অমরখানা ইউনিয়ন পরিষদ।
অকাল ও মর্মান্তিক এই মৃত্যুর খবরে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।