
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান ছিল। তিনি দীর্ঘ দিন ধরে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং আগামী নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় তাঁর নিজ গ্রাম শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গভীর রাতে তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শেরপুর জেলা জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।