
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
চাটখিল (নোয়াখালী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভোটারদের সতর্ক করে বলেছেন, কোনো প্রলোভনে পড়ে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা বিকাশ নম্বর অন্য কাউকে দেবেন না।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন অভিযোগ করে বলেন, “একটি বিশেষ দল ভোটারদের কাছ থেকে, বিশেষ করে নারী ভোটারদের বিভ্রান্ত করে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কোনো কুচক্রী মহল অপরাধমূলক কর্মকাণ্ড করলে তার দায়ভার আপনাকে বহন করতে হবে।”
সাবেক এই এমপি বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন:
পারিবারিক কার্ড: গ্রামের অসহায় পরিবারের জন্য।
কৃষি সহায়তা কার্ড: কৃষকদের সরাসরি সহযোগিতার জন্য।
স্বাস্থ্য কার্ড: গরীব ও অসুস্থ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে।
শিক্ষা সহায়তা: শিক্ষার্থীদের শিক্ষা ভাতা এবং দরিদ্র শিক্ষার্থীদের পোশাক ও খাবারের খরচ রাষ্ট্র বহন করবে।
নির্বাচনকে ‘স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, যারা ১৯৭১ সালে দেশের মানুষের ওপর নির্যাতন ও মা-বোনদের ইজ্জত লুণ্ঠনে হানাদার বাহিনীকে সহায়তা করেছে, তারা আজ আবারও ভোট চাইতে আসছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সবাইকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সৌদি আরব দাম্মাম বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শওকত কামাল (সিআইপি)-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও যুবদল নেতা হুমায়ূন কবিরের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
অ্যাডভোকেট আবু হানিফ (আহ্বায়ক, উপজেলা বিএনপি)
আনিছ আহমেদ হানিফ (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি)
জসিম উদ্দিন ভূঁইয়া (সদস্য, দাম্মাম বিএনপি)
আব্দুর রহিম ভূঁইয়া জামশেদ (সাংগঠনিক সম্পাদক, আয়ারল্যান্ড বিএনপি)
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।