
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত ইরানি ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (ISNA)।
খবরে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় ৯ হাজার ইরানি ওমরাহ যাত্রী অবস্থান করছেন। সোমবার (২ মার্চ) থেকেই তাদের একটি বড় অংশ সৌদি-ইরাক সীমান্ত হয়ে স্থালপথে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রিয়াদ ও তেহরানের সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমেই যাত্রীদের এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত শনিবার থেকে ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে।
ইরানে হামলার জবাবে তেহরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বাজছে। এমন অস্থিতিশীল পরিবেশে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতেই ওমরাহ যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে নিচ্ছে ইরান সরকার।
সূত্র: ইসনা (ISNA)