
আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার | তুরস্ক সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টিকা’র (তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা) উদ্যোগে গাজীপুরের শ্রীপুরে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) শ্রীপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। টিকা টার্কিশ কো-অপারেশন কো-অর্ডিনেশন এজেন্সির এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি)। প্রবীণ ব্যক্তিত্ব সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুজ হাসান হান্নান।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শাজাহান সজল, অধ্যাপক নজরুল ইসলাম ফজলুল হক, ৯ নং ওয়ার্ড বিএনপির লুৎফর রহমান মন্ডল ও সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের সামর্থ্যবান সবার এগিয়ে আসা প্রয়োজন। মানবিক এই উদ্যোগের জন্য তুরস্ক সরকার ও তাদের সংস্থা ‘টিকা’-কে আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও সেবামূলক কাজে তুরস্কের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘টিকা’ তুরস্ক সরকারের একটি প্রধান আন্তর্জাতিক উন্নয়ন ও কারিগরি সহায়তা সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।