
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পেট্রোলিয়ামজাত জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খল রাখা ও সরকারি বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে এই তদারকি অভিযান চালানো হয়।
অভিযানের বিস্তারিত: ঝিনাইগাতী বাজারের বিভিন্ন তেলের দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এছাড়া তেল বিক্রয় সংক্রান্ত রেজিস্টার নিয়মিত সংরক্ষণ এবং ক্রেতাদের পাকা রশিদ দেওয়া হচ্ছে কি না—সেসব বিষয়ও সরেজমিনে পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত।
ব্যবসায়ীদের নির্দেশনা: মনিটরিং চলাকালীন বিক্রেতাদের হালনাগাদ লাইসেন্স সংরক্ষণ, সঠিক বিক্রয় রেজিস্টার মেইনটেইন, প্রতিটি বিক্রয়ে পাকা রশিদ প্রদান এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোনো অবস্থাতেই পেট্রোলিয়ামজাত তেলের অবৈধ মজুদ রাখা যাবে না মর্মে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরণের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।