
মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ পরিবেশের জন্য চরম ক্ষতিকর। এই গাছ অধিক পরিমাণে পানি শোষণ করে মাটির আর্দ্রতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই পরিবেশ রক্ষায় ইউক্যালিপ্টাস বর্জন করে ফলদ, ওষুধি ও কাঠজাত গাছ লাগানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছাতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “একসময় ছাতনাই নদীতে পানি ও মাছের প্রাচুর্য ছিল। এটি স্থানীয় কয়েক হাজার মানুষের চাষাবাদ ও জীবিকার প্রধান উৎস ছিল। কিন্তু সময়ের বিবর্তনে নদীটি ভরাট হয়ে বর্তমানে প্রায় মৃত খালে পরিণত হয়েছে।” তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনরুদ্ধার করা হবে। এর মাধ্যমে হারিয়ে যাওয়া নদ-নদী ফিরিয়ে এনে কৃষি উৎপাদন বাড়ানো হবে।
এলজিইডির বাস্তবায়নে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে ছাতনাই নদীর সাড়ে ৫ কিলোমিটার অংশ খনন করা হবে। খনন কাজ শেষে নদীর দুই তীরে ফলজ গাছ লাগানো হবে। প্রতিমন্ত্রী স্থানীয়দের এই নদীতে মাছ ও হাঁস চাষে উৎসাহিত করেন, যা পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, এই খনন প্রকল্পে প্রায় এক হাজার শ্রমিক কাজের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, খনন কাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এতে করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হওয়ার পাশাপাশি প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা করছেন, নদীটি পুনরায় খনন করা হলে এলাকার কৃষি ও মৎস্য খাতে আমূল পরিবর্তন আসবে।