
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি এবং নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেছেন, “একটি রাজনৈতিক দল যারা এতদিন লুকিয়ে ছিল, তারা এখন আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।”
তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। কারণ, মানুষ এখন নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবছে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে নির্বাচনের পরিবেশ যখন তৈরি হয়েছে, তখন একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।”
শুক্রবার বিকেলে নোয়াখালীর চাটখিল আজিজ সুপার মার্কেটের সম্মুখ মাঠে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুর রশিদ মামুন আরও বলেন, “জনগণ সকল ষড়যন্ত্র রুখে দেবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, তার পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সকল বিভেদ ভুলে গাধে গাধে মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি চাটখিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।