
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারে রঞ্জু খা (৪৩) হত্যার ‘ক্লুলেস মার্ডার’ মামলার পলাতক আসামি অর্জুন পাল (৪৩)-কে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে র্যাব-১ এর উত্তরা ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত রঞ্জু খা যমুনা ফিউচার পার্কের জিএমের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
গত ১৭ মে ২০২৫ রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে টঙ্গী ফ্লাইওভারের উপর অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর নিহতের স্ত্রী ফারজানা আক্তার হেনা বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা (নং-১২, তারিখ: ২০/০৫/২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।
মামলাটি দীর্ঘদিন ধরে ‘ক্লুলেস মার্ডার’ হিসেবে বিবেচিত ছিল। পরে র্যাব-১ এর গোয়েন্দা দল তদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্তে গোপন তৎপরতা চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৬টার দিকে ঢাকার ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান পলাতক আসামি অর্জুন পাল-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বাড়ি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার গোয়ালিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আব্দুল্লাহপুর ও উত্তরা পূর্ব এলাকায় অবস্থান করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।