
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি –
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খুচরা সার বিক্রেতারা সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের পর সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে নিয়মিত সার বিক্রয় করে আসছেন। তবে ১৬ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে, এরপর তাদের ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্ত ডিলারদের জীবন-জীবিকাকে মারাত্মক সংকটে ফেলবে।
ডিলাররা জানান, দীর্ঘদিনের ব্যবসায় কৃষকদের কাছে তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পাওনা রয়েছে। এছাড়া ব্যাংক, বিভিন্ন এনজিও, কোম্পানি ও মহাজনের কাছে তাদের লক্ষ লক্ষ টাকা ঋণ ও দায়বদ্ধতা রয়েছে। খুচরা সার ব্যবসা বন্ধ হলে তারা আর্থিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনে পতিত হবেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, খুচরা সার ডিলার না থাকলে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই তারা দাবি করেন, ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার ডিলারদের কার্যক্রম পুনঃস্থাপন করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী সার খুচরা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু এবং কার্যকরী সদস্য মো. আব্দুল আলীম। তারা সবাই একযোগে সরকারের নীতিমালা সংশোধনের জন্য আহ্বান জানান এবং বলেন, “আমাদের দাবি ন্যায্য এবং দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আরও বড় কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।”
এদিকে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ডিলারদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি উচ্চপর্যায়ে প্রেরণ করা হবে।