
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য পেয়ারা খাতুনের মৃত্যুতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসক রবিউল রানা। উপস্থিত ছিলেন ইউপি সচিব মিলন চন্দ্র ঘোষ, ইউপি সদস্য শাহাদৎ হোসেন, জনাব আলী, জাহিদ হাসান, মহিলা ইউপি সদস্য মঞ্জুয়ারা খাতুন ও মনিজা খাতুন মুন্নি। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রউফসহ স্থানীয় জনসাধারণ।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে শাহজাদপুরে ইউপি সদস্য পেয়ারা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত পেয়ারা খাতুন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের কন্যা এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, প্রায় এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে পেয়ারা খাতুন আব্দুল আলীমকে দ্বিতীয় বিয়ে করেন। পরিবারের দাবি, বিয়ের পর দাম্পত্য জীবনে বিভিন্ন মনোমালিন্য তৈরি হয়। তাদের অভিযোগ—বিয়ের পর আলীম নানাভাবে চাপ সৃষ্টি করে পেয়ারা খাতুনের কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা নেন এবং পরবর্তীতে নির্যাতন বাড়তে থাকে। স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি পরিবারের।
ঘটনার পর থেকে স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে গেছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হাজারো মানুষ নিহতের বাড়িতে ভিড় করেন।