নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে তিনটি সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, সেসব আসনেই বিকল্প প্রার্থী চূড়ান্ত প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি হিসেবেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, সেক্ষেত্রে এই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন তিনি।
অন্যদিকে বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের জরিপ, দলীয় অভ্যন্তরীণ অবস্থা ও রাজনৈতিক সমীকরণ পর্যালোচনা করে বিএনপি ইতোমধ্যে অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য ১৫টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির দায়িত্বশীলরা জানান, শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তাদের ভাষ্য, ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এসব কৌশলগত সিদ্ধান্ত ও রদবদল করা হয়েছে।
সুত্র: ব্রেকিংনিউজ/আরইউ









