
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি ১০ জানুয়ারি, ২০২৬
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিগত আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা, ষড়যন্ত্রমূলক মামলা ও কারাবরণের শিকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক ব্যতিক্রমী মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের শিশু পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলায় শুধুমাত্র বিগত সময়ে মামলা ও কারাবরণের শিকার নেতারাই অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিগত শাসনামলে ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় পাঁচ শতাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় অন্তত ৭৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, সবচেয়ে বেশি মামলার শিকার হয়েছেন মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বিল্লাল। তার বিরুদ্ধে সর্বমোট ২২টি মামলা দায়ের করা হয়েছিল। অন্যদিকে, কারাবরণের ক্ষেত্রে সর্বোচ্চ ভোগান্তি পোহাতে হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম মোস্তাফাকে। তিনি বিভিন্ন মামলায় মোট ১০৫ দিন কারাভোগ করেছেন। এছাড়া সর্বশেষ ২০২৪ সালেও কারাবরণ করেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও শেরপুর-৩ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান ও আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের ওপর চালানো নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক মামলার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।