
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ২৫ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার আড়ানী ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে যান দলটির নেতাকর্মীরা।
রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এদিন সকাল থেকেই আড়ানী এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। এসময় তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
ব্যক্তিগত গণসংযোগের পাশাপাশি বিকেলে তিনি আড়ানী এলাকায় নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
প্রচারণা শেষে অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের বলেন,
“আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দেশে শান্তি, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং ইনশাআল্লাহ তারা ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবেন।”
গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন।