
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরেন। ইশতেহার ঘোষণায় অংশগ্রহণ করেন:
মাহমুদুল হক রুবেল: বিএনপি মনোনীত প্রার্থী।
নুরুজ্জামান বাদল: জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী।
মিজানুর রহমান: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী।
আমিনুল ইসলাম বাদশা: স্বতন্ত্র প্রার্থী।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা একটি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন, কারণ এর মাধ্যমে ভোটাররা সরাসরি প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রার্থীরা ভোটারদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।
বক্তারা বলেন, “এবারের নির্বাচন হবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। আমরা চাই সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।”