
শাহিন হাওলাদার | বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে বিভেদের কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি হলো সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে। এজন্য তিনি সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন,
“বাকেরগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন, শান্তি ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা।”
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং বাকেরগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা সভাপতি মন্টু চন্দ্র বৈদ্য, যুগ্ম আহ্বায়ক দেবাশীষ রায় কলিন্স, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু, বাবু পঙ্কজ কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানকে বিজয়ী করতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সহাবস্থানের পক্ষে ঐক্যের বার্তা তুলে ধরেন।