
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জে বিএনপির নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশাল গণমিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়।
বিকেলে বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
গণমিছিলে নেতৃত্ব দেন জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন:
আবদুল কাইয়ুম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি।
মানিক সওদাগর, সভাপতি, বকশীগঞ্জ উপজেলা বিএনপি।
জাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র।
আনিছুজ্জামান গামা, সভাপতি, বকশীগঞ্জ পৌর বিএনপি।
শাকিল তালুকদার, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
গণমিছিল শেষে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তারা ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।