
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর: শেরপুর জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে এক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম-এর সভাপতিত্বে সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্যায়ে, সম্প্রতি পিআরএল-গামী (অবসরকালীন ছুটি) শেরপুর জেলা পুলিশের ২০ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকতার সাথে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তাদের দীর্ঘ কর্মজীবনের সেবা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানান।
পরবর্তীতে, পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সদস্যদের বিবিধ কল্যাণ নিশ্চিত করতে উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শেরপুরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের সকল স্তরের সদস্য এবং সংশ্লিষ্টরা প্রশংসার দাবিদার।” তিনি এই সফলতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনেও জনসেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম এবং মেডিকেল অফিসার ড. শিবলী সামিউল তুষার।
এছাড়াও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আব্দুল আল মামুনসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), পরিদর্শক (তদন্ত), বিভিন্ন ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও কোর্টের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।