
নিজস্ব প্রতিবেদক | চাটখিল মো. বেল্লাল হোসাইন নাঈম
নোয়াখালী: চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি এবং ইভটিজিংয়ের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
গতকাল চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যা এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যারিস্টার খোকন সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাং কালচার নির্মূল এবং জুয়া প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন:
প্রশাসনিক কর্মকর্তা: সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ, নির্বাচন কর্মকর্তা বিমলানন্দ, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন এবং এলজিইডি প্রকৌশলী শাহিনুর আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
রাজনৈতিক নেতৃবৃন্দ: চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহি উদ্দিন হাসান, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন প্রমুখ।
ব্যারিস্টার খোকন তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন এবং উপজেলার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।