
নিজস্ব প্রতিবেদক | বাকেরগঞ্জ (বরিশাল)
বাকেরগঞ্জ: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ঐতিহ্যবাহী ‘সিএনবি ডিগ্রি কলেজে’র নিজস্ব জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক কলেজের জমিতে এই স্থাপনা নির্মাণ করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়নের সিএনবি ডিগ্রি কলেজের পুরনো টিনশেড ভবনের সীমানাভুক্ত রেকর্ডীয় জমির একটি অংশ দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। সেখানে তারা দ্রুততার সাথে টিনশেড দোকান ঘর তুলে ফেলে। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা প্রতিবাদ জানালেও কোনো তোয়াক্কা করেনি দখলকারীরা।
কলেজের প্রতিষ্ঠাতা জবেদা আলী খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমির ওপর ব্যক্তি উদ্যোগে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির পিতা অদুত ফরাজির নেতৃত্বে অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলারসহ জমি দখল করে দোকান তুলেছেন। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, “অশোক নন্দী ও স্বপন নন্দীদের সাথে কলেজের জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। আদালতের বিচারাধীন বিষয়ে তারা কোনো কর্ণপাত না করেই জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। আমরা বিষয়টি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ মহোদয়কে অবহিত করেছি।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষকে এলাকায় পাওয়া না যাওয়ায় তাদের কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অতি দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের এই ঘটনায় নিয়ামতি ইউনিয়নজুড়ে চরম ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিক্ষার পরিবেশ রক্ষায় অতি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।