
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর | তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নকলা, শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় অনুমোদনহীন বিএসটিআই (BSTI) লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন শিশুখাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘আলিফ ফুড অ্যান্ড বেকারি’ এবং ‘মিথিল আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্টস’ নামক দুটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মানহীন খাদ্যসামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি জানান, অভিযানে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়ম পাওয়া গেছে:
লোগো জালিয়াতি: বিএসটিআই-এর কোনো অনুমোদন ছাড়াই প্যাকেটে লোগো ব্যবহার।
ক্ষতিকর রাসায়নিক: শিশুখাদ্যে নিষিদ্ধ রঙ এবং সফট ড্রিংক পাউডারে (ট্যাং) মাত্রাতিরিক্ত ‘অ্যাসপারটেম’ মিশ্রণ, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রতারণা: হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে ‘হালাল’ সীল ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ।
অস্বাস্থ্যকর পরিবেশ: অত্যন্ত নোংরা পরিবেশে সেমাই, চিপস, চানাচুর ও আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ।
“প্রতিষ্ঠান দুটি নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের গুরুতর লঙ্ঘন করেছে। জব্দকৃত পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ করলে কারখানা সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” — সাদিয়া আফরিন অ্যানি, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে বিএসটিআই কর্মকর্তা রাহাত আহমেদ (সিএম), এনএসআই কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।