
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৫৪৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
রোববার (৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। নায়েক নাজমুলের নেতৃত্বে বিজিবি দলটি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরু চরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন একটি হলুদ রঙের সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আকাশ (৩৬) নামে এক মাদক কারবারিকে। আটক আকাশ শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদা সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানটির আনুমানিক সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
এই ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।