
মাহফুজুর রহমান সাইমন শেরপুর:
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালকসহ পথচারী ও যাত্রীদের মাঝে সাহরি বিতরণ করেন তিনি।
শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে নিজ হাতে কর্মজীবী মানুষদের কাছে সাহরির খাবার পৌঁছে দেন এমপি রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
সাহরি বিতরণকালে এমপি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “রমজান মাসে অনেক চালক ও যাত্রী সাহরির সময়ও রাস্তায় থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমার মূল লক্ষ্য।”
হঠাৎ করে সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাতের কর্মজীবী মানুষরা। এক ইজিবাইক চালক বলেন, “ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম। এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন, তা ভাবিনি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
রাতের কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক উদ্যোগ শহরজুড়ে প্রশংসিত হচ্ছে।