
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চাঞ্চল্যকর নুরুল আলম নুরু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার (২৩ মার্চ) উপজেলার সামনে লক্ষ্মীপুর-রামগতি মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা খুনিদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় এক শোকাতুর ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
মানববন্ধনে আবেগাপ্লুত হয়ে নিহতের স্বজনরা বলেন:
“আমরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ দিশেহারা। আমরা কোনো প্রতিহিংসা চাই না, শুধু প্রিয়জন হত্যার ন্যায়বিচার চাই। অথচ ঘটনার পর থেকে আমরা উল্টো নানাভাবে ভয়ভীতি ও চাপের মুখে রয়েছি। আমরা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা চাই।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নুরুল আলম নুরু একজন নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও মূল রহস্য উদ্ঘাটন ও সকল অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে সরাসরি জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মানববন্ধনটি সমাপ্ত হয়।