
বিনোদন ডেস্ক | ২০ মার্চ, ২০২৬
বলিউডের গ্ল্যামার কন্যা মালাইকা অরোরাকে নিয়ে আলোচনা যেন থামবার নয়। ব্যক্তিগত সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন প্রেমের গুঞ্জন—সবকিছুতেই লাইমলাইটে থাকেন এই তারকা। তবে সম্প্রতি তাকে নিয়ে ছড়ানো এসব মুখরোচক খবর নিয়ে বেশ সোজাসাপ্টা মন্তব্য করেছেন তিনি।
মালাইকা জানান, তাকে ঘিরে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনা এখন আর তাকে মানসিকভাবে বিচলিত করে না। বরং এই বিষয়গুলোকে তিনি এখন বেশ মজার ছলে দেখেন। মালাইকার জীবনের বড় একটি অংশ জুড়ে আছেন তার ছেলে আরহান খান। মালাইকা বলেন,
“আমাদের দুজনকে নিয়ে বা আমার প্রেম নিয়ে যেসব কথা ছড়ায়, তা নিয়ে আমি আর আমার ছেলে মিলে এখন হাসাহাসি করি।”
সম্প্রতি সোরাব বেদির সঙ্গে একটি ছবি প্রকাশের পর নতুন করে প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। তবে মালাইকা স্পষ্ট করে দিয়েছেন, এসব বিষয়কে তিনি এখন আর মোটেও গুরুত্ব দেন না।
একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে নিজের ক্যারিয়ার ও জীবন গড়ে তোলাকেই নিজের সবচেয়ে বড় সাফল্য মনে করেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, জীবনসঙ্গী থাকা ভালো, তবে তার জন্য তিনি একদমই মরিয়া নন। মালাইকা বলেন,
“নিজেকে পূর্ণতা দিতে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই। যদি কখনো নতুন কোনো সম্পর্কে জড়াই, তবে সেটি হবে সম্পূর্ণ আমার নিজের শর্তে।”
ব্যক্তিগত জীবনে মালাইকা দীর্ঘ সময় আরবাজ খানের সঙ্গে সংসার করেছেন, যা ২০১৭ সালে শেষ হয়। এরপর ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও ২০২৪ সালে সেই পথও আলাদা হয়ে যায়। বর্তমানে তিনি তার কাজ, পরিবার এবং নিজের স্বাধীনতা নিয়েই খুশি আছেন।
কেবল ব্যক্তিগত জীবন নয়, পেশাদার জগতেও মালাইকা সমান সক্রিয়। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘থামা’ সিনেমার ‘পয়জন বেবি’ গানটি দিয়ে তিনি নতুন করে দর্শকদের নজরে আসেন। এছাড়া রিয়েলিটি শো, মিউজিক ভিডিও এবং ফিটনেস জগতেও তার পদচারণা নিয়মিত। বর্তমানে লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি; তার লেখা বই ‘ইটস ইজি টু বি হেলদি’ পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।