
মাহফুজুর রহমান সাইমন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি | ০৫ এপ্রিল ২০২৬
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে যুবদল নেতা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এবং তাকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ইউনিয়নের চতলাপাড়া এলাকায় রফিক মিয়া, লাভলু ও সুন্দর আলীর নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিটিতে প্রায় ২০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন, যার ফলে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং দলীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তবে এই অভিযোগের সত্যতা নিয়ে এলাকাবাসীর একাংশের মধ্যে ভিন্ন মত দেখা গেছে। জোনাব আলীর ছেলে সুলতান ও মহর শেখের ছেলে সোহরাবসহ অনেক স্থানীয় বাসিন্দা দাবি করেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। তাদের ভাষ্যমতে, মাদক কারবারের মতো গুরুতর অভিযোগের মানববন্ধনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল না। মাত্র ২০ জনের উপস্থিতিতে আধাঘণ্টাব্যাপী এই কর্মসূচি পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। অনেকের অভিযোগ, কিছু মানুষকে প্রভাবিত করে সেখানে আনা হয়েছে।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী। আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাতের আঁধারে গুটিকয়েক লোক জড়ো করে এই সাজানো মানববন্ধনের আয়োজন করেছে। আমার বিরুদ্ধে আনা এই অপপ্রচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মাদক অভিযোগ ও মানববন্ধনকে কেন্দ্র করে চরপুটিমারী ইউনিয়ন জুড়ে বর্তমানে এক ধরনের উত্তপ্ত ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।