
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন।
স্বাগত বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আইসিসিআর-এর দীর্ঘ পথচলা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সুসম্পর্ক উন্নয়নে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে আইসিসিআর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই সাংস্কৃতিক বিনিময় বন্ধুপ্রতিম দুই রাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রেক্ষাপট: উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আইসিসিআর (Indian Council for Cultural Relations) প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতি তুলে ধরাসহ বৈশ্বিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে।