
মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, বর্ণাঢ্য র্যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন (বুধবার) উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোখলেসুর রহমান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারণ জনগণ।
সভাপতির স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিকভাবে অবহিত করতেই আমাদের এই ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন।”
অনুষ্ঠানে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা আক্তার গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, মূল উদ্দেশ্য ও সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে তিনি উপস্থিত সকলকে জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক শিক্ষণীয় ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত উৎসুক জনতাকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদের চারপাশ প্রদক্ষিণ করে।