
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।
আপডেট: ১৪ জুন ২০২৬
চাটখিল: নোয়াখালীর চাটখিল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) আওয়ামী লীগের সভাপতি মহিন উদ্দিন কালুর নেতৃত্বে এই তান্ডব চালানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আইরিন সুলতানা (৩৪) বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুলালপুর গ্রামের বাসিন্দা আইরিন সুলতানার স্বামী মোর্শেদ আলম লিটনের পৈত্রিক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, গত ১০ জুন দুপুরে মহিন উদ্দিন কালুর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে।
তারা জোরপূর্বক বাগানের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে এবং ভেকু দিয়ে মাটি সরিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া নবনির্মিত ভবনের দেয়াল ভাঙচুর করে আরও প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আইরিন সুলতানা জানান, বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আইনের আশ্রয় নিলে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। বর্তমানে ভবনের ভিটা থেকে মাটি সরিয়ে নেওয়ায় পুরো ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, “জমি দখল ও ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”