
আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ
আপডেট: ১৪ জুন ২০২৬
বাঘা (রাজশাহী): জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার ৭ নং চকরাজাপুর ইউনিয়নে সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র শুভ উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্যতিক্রমী এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার
চকরাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম
চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদের “গ্রাম আদালত” সাইনবোর্ডের সামনে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের গাছের চারা হাতে নিয়ে ব্যানারসহ সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর মারাত্মক পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও সুন্দর বাঘা উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, বরং লাগানো গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই মহতী কর্মসূচি তারই অংশ।”
উদ্বোধনী পর্ব শেষে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।