
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: কিশোরী ও তরুণীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাঘায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বাঘা ব্র্যাক এলাকা অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।
অফিসার সেলপ মো: মোমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবী) মো: সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: আবুল হাশেম এবং পদ্মা প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবী) মো: মহিউল ইসলাম, হিসাব কর্মকর্তা মো: আনিসুর রহমান, সিও সেলপ মো: মমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও কিশোরী দলের সদস্যরা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৫ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা এবং মুরগি পালন কার্যক্রম শুরু করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে তাদের মুরগি পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান এবং রোগ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরিবারে অর্থনৈতিক অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাবলম্বী হতে সহায়তা করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের হাতে মুরগির বাচ্চা ও নগদ অর্থের অনুদান তুলে দেন। ব্র্যাকের এই ব্যতিক্রমী ও স্বাবলম্বী করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত অভিভাবক ও কিশোরীরা ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।