
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ২০ পিস ইয়াবাসহ মনসুর (৬০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলি (ঈদগাহ মাঠ) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনসুর জয়নাতলি ঈদগাহ মাঠ এলাকার মৃত বাজিতুল্লা শেখের ছেলে। স্থানীয়ভাবে সে ‘ইয়াবা ডিলার’ নামে পরিচিত।
মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিক-নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উচ্ছ্বাস পাল সঙ্গীয় ফোর্স নিয়ে জয়নাতলি গ্রামে অভিযান চালান। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে মনসুরকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মনসুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “মধুপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।”