
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে দলীয় নেতাকর্মীদের মাঝে ভোটার তালিকা ও কেন্দ্র কমিটির তালিকা হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব তালিকা তুলে দেওয়া হয়।
জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৫৪টি ভোট কেন্দ্রের জন্য এই তালিকা প্রদান করা হয়।
তালিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু এবং কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ এবং বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রউফসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালিকা বিতরণ শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে নেতাকর্মীদের আহ্বান জানান।