
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই প্রত্যয়কে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে সুজনের উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজন ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান হালিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।
অতিথিদের বক্তব্য ও দিকনির্দেশনা: প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সুজন একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।” তিনি নবগঠিত কমিটির সদস্যদের জনগণের অধিকার রক্ষা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।
কমিটি পরিচিতি ও মানবিক সহায়তা: অনুষ্ঠানের শুরুতে সুজনের নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রাণ কুমার চিসামসহ সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীজন। পুরো অনুষ্ঠানটি একটি মানবিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।