
মনজু হোসেন পঞ্চগড় প্রতিনিধি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি-জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন জোটের নেতাকর্মীরা। এর আগে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নিয়ম বহির্ভূতভাবে বড় বড় ব্যানার ও ফেস্টুন টাঙানো হলেও প্রশাসন তা অপসারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পক্ষপাতের অভিযোগ বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা দাবি করেন, “বিএনপি প্রার্থীর অবৈধ প্রচার সামগ্রী দৃশ্যমান থাকলেও রিটার্নিং কর্মকর্তা নির্বিকার। অথচ আমাদের প্রার্থী সারজিস আলমের (শাপলা কলি প্রতীক) বৈধ ব্যানার ও ফেস্টুন অনেক জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে।” এতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তারা অভিযোগ করেন।
নেতৃবৃন্দের হুঁশিয়ারি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা শিশির আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, জামায়াতে ইসলামীর নেতা নাসির উদ্দীন ও জয়নাল আবেদীনসহ জোটের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, দ্রুত পক্ষপাতমূলক আচরণ বন্ধ করে বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করারও হুঁশিয়ারি দেন তারা।
বিএনপির প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এদিকে, জোটের আন্দোলনের বিপরীতে বিএনপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাতে বাধা দেয়। সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয় ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছেন।