
মোঃ মামুন মিয়া, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেছেন, “১২ তারিখে সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ষড়যন্ত্র করে নির্বাচনী মাঠ ঘোলাটে করার চেষ্টা চলছে, তাই ভোটারদের সজাগ থাকতে হবে।”
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে চরপুটিমারী ইউনিয়নের দক্ষিণ শাখার ৩টি ওয়ার্ডে মোট ৬টি নির্বাচনী পথসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বেলা ২টায় ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা বাজারে আয়োজিত পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সকাল ৬টার মধ্যেই আপনাদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। নিজের ভোট দেওয়ার পাশাপাশি আশেপাশের ভোটারদের নিয়ে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। আমাদের লক্ষ্য—সবার আগে বাংলাদেশ।” এ সময় তিনি তারেক রহমানের সমর্থনে দেশব্যাপী চলমান আন্দোলনের চেতনাকে উজ্জীবিত করার আহ্বান জানান।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন:
বিশেষ অতিথি: নুরুল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক, ইসলামপুর উপজেলা বিএনপি।
প্রধান বক্তা: নবী নেওয়াজ খান লুহানী বিপুল, সাবেক সাধারণ সম্পাদক, ইসলামপুর উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা সাফিজ বিনতী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম, এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।