
শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে পুনরায় তাকে স্বপদে ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তোফাজ্জেল হোসেন মনিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে বাকেরগঞ্জ পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।