
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | ৭ মার্চ ২০২৬
নোয়াখালীর চাটখিলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে দুই ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।
অভিযানের বিবরণ: ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ রোধে পৌর বাজারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী জানান, জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের নিয়মিত অভিযান ও তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।