
নিজস্ব প্রতিবেদক | ঢাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসভবন থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্র জানিয়েছে, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। তবে ঠিক কোন মামলায় বা সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ডিবি জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটি অলঙ্কৃত করে আসছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় স্পিকার মনোনীত হন তিনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিন পর স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছিলেন তিনি। তারপর থেকে তিনি অনেকটা আড়ালেই ছিলেন। আজ ভোরের এই অভিযানে তাকে আটকের মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন এই সাবেক স্পিকার।