
মাহফুজুর রহমান সাইমন, ইসলামপুর ,জামালপুর।
জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে এক সাংবাদিক পরিবারের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একাধিক হত্যা মামলার আসামি ও চিহ্নিত অপরাধী হওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ঘটনার বিবরণ: অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক সংগ্রাম পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন ডিগ্রীরচর পয়াস্তী গ্রামে তার পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে ডিগ্রীরচর আকন্দপাড়া এলাকার একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি জবরদখল করতে আসে। সুরুজ, সোনাহার, বাবুল, মন্টু, টেপু, নুর ইসলামসহ প্রায় ২০-৩০ জনের একটি দল জমিতে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশ ও সাংবাদিকদের হুমকি: খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হলে দখলকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা উপস্থিত পুলিশ সদস্য ও সাংবাদিকদের উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি প্রদান করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলে। এর আগে গত শুক্রবারও তারা একই জমিতে দখলের চেষ্টা চালালে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছিল।
অভিযুক্তদের অপরাধমূলক রেকর্ড: স্থানীয়দের দাবি, এই দখলচক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও তারা এলাকায় চুরি, ছিনতাই, অন্যের জমি দখল, জুয়া এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগীর বক্তব্য: সাংবাদিক মনির হোসেন বলেন, “আমার পৈত্রিক সম্পত্তি একটি প্রভাবশালী ও অপরাধী চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করছে। তারা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
অভিযুক্ত ও প্রশাসনের ভাষ্য: অভিযুক্ত সুরুজ আলী জমিটি তাদের পৈত্রিক দাবি করে বলেন, “আইনের সহায়তার প্রয়োজন নেই আমাদের। আমরা জমিতে চাষাবাদ চালিয়ে যাব।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের বাধা প্রদান করেছে। তারা বাধা উপেক্ষা করেই কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”