
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের রামরামপুর শূন্য রেখায় (নো ম্যান্স ল্যান্ড) আটকে থাকা সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয় অবশেষে মিলেছে। পরিচয় পাওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।
টানা ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে খোলা আকাশের নিচে আটকে থাকার পর, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারের পর তাকে বকশীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার সকালে রামরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বৃদ্ধকে বাংলাদেশে পুশইন বা জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র উত্তেজনা ও টানটান পরিস্থিতির সৃষ্টি হয়। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাকে নিয়ে যেতে না পারায় দীর্ঘ সময় শূন্য রেখায় মানবেতর দিন কাটান ওই বৃদ্ধ।
পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ওই বৃদ্ধের ছবি ও আটকা পড়ার খবরটি ভাইরাল হয়। গণমাধ্যমের সুবাদে তা পরিবারের নজরে এলে তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন এবং পরিচয় নিশ্চিত করেন।
ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে সুস্থ আছেন। রাজশাহী থেকে তার পরিবারের সদস্যরা রওনা হয়েছেন, তারা থানায় পৌঁছালেই আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।