
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে নবনির্মিত আধুনিক কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুন) ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২য় পর্যায়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২ লক্ষ ৬৫ হাজার ৬৩ টাকা বরাদ্দে এই ল্যাবটি নির্মাণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করেছে।
ল্যাব উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। কারিগরি শিক্ষার প্রসারে এই ল্যাবটি ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানকার শিক্ষার্থীরা এখন থেকে হাতে-কলমে কাজ শিখে দক্ষ হয়ে উঠতে পারবে, যা ভবিষ্যতে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির ল্যাবের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাধারণ শিক্ষা আর কারিগরি শিক্ষার মধ্যে মূল পার্থক্য হলো ব্যবহারিক কাজ। শিক্ষার্থীরা এই ল্যাব ব্যবহারের মাধ্যমে আরও বেশি কর্মমুখী হয়ে উঠবে। দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নতুন কারিগরি ল্যাব স্থাপনের ফলে আমাদের ছাত্রীদের ব্যবহারিক ক্লাস আরও সহজ ও মানসম্মত হবে। গ্রামীণ নারী শিক্ষার উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।