
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার বিকেলে বর্তমান ও সাবেক মহানগর বিএনপি, পবা ও মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিলটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়। মিছিলটি মালোপাড়া, সোনাদিঘীর মোড়, মনি চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া হয়ে পুনরায় বাটার মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,
“রাজশাহী-৩ আসনে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
বক্তারা আরও বলেন,
“অ্যাডভোকেট শফিকুল হক মিলন পবা-মোহনপুরসহ কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে পরিচিত ও গ্রহণযোগ্য নেতা। কিন্তু কতিপয় ব্যক্তি নাসির হোসেন অস্তিরকে নিয়ে অপরাজনীতি শুরু করেছে, যা দলীয় ঐক্যের পরিপন্থী। যারা রাজশাহীর রাজনীতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে।”
সমাবেশে বক্তারা ধানের শীষে ভোট দিয়ে শফিকুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন — সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি, বোয়ালিয়া থানা বিএনপি।
প্রধান বক্তা ছিলেন — আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি।
সভাপতিত্ব করেন — আনসার আলী আনসার, সভাপতি, মতিহার থানা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন —
জাকির হোসেন রিমন (সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা),
আব্দুল মতিন (সাবেক সভাপতি, মতিহার থানা বিএনপি),
শওকত আলী (সাবেক সভাপতি, রাজপাড়া থানা বিএনপি),
মোজাদ্দেক জামানি সুমন (সাবেক সভাপতি, যুবদল রাজশাহী জেলা),
ইকবাল হোসেন দিলদার (সাবেক সাংগঠনিক সম্পাদক, বোয়ালিয়া থানা বিএনপি)
এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
আনন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন।