
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা: রাজনৈতিক ট্যাগিং বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটি ইনসাফভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পেসমেকার সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মোতাছিম বিল্লাহ আলম। সম্প্রতি এক বিবৃতিতে তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি এবং ট্যাগিং প্রথার সমালোচনা করে নিজের অবস্থান পরিষ্কার করেন।
ডা. মোতাছিম বিল্লাহ বলেন, “আমি যখন ৭১-এর চেতনাকে ধারণ করে ‘জয় বাংলা’ স্লোগান দিই, তখন আমাকে আওয়ামী লীগের দোসর ভাবা হয়। আবার যখন ২০২৪ সালের কোটা আন্দোলনে সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তখন আমাকে ‘রাজাকার’ তকমা দেওয়া হয়। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বললেই কোনো না কোনো দলের তকমা গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, বাকশালের সমালোচনা করলে তাকে ‘জামায়াত-বিএনপি’ বলা হয়, আবার বর্তমান বা সাবেক সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করলে তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি ধর্মীয় স্লোগান দিলে তাকে নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী হিসেবে অপবাদ দেওয়া হয়।
বিবৃতিতে তিনি বিভিন্ন সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমি যখন বিশ্বজিৎ, আবরার, পিলখানা হত্যাকাণ্ড কিংবা ২০২৪-এর ছাত্র আন্দোলনে নিহতদের বিচার চাই, তখন আমাকে বিভিন্ন রাজনৈতিক রং দেওয়া হয়। কিন্তু আমার অবস্থান স্পষ্ট—আমি কেবল ন্যায়বিচারের পক্ষে।”
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত নামাজ পড়া বা দাড়ি রাখার কারণে ছাত্রদের ‘শিবির’ ট্যাগ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “আমাদের স্বাধীন বাংলাদেশে এই ট্যাগিং সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। দিন শেষে আমি একজন ডাক্তার, কিন্তু সবার আগে একজন মানুষ।”
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ডা. মোতাছিম বিল্লাহ আলম বলেন, “মানুষ হিসেবে আমার ভুল হতে পারে। আপনারা আমার পাশে থাকুন এবং ভুলগুলো ধরিয়ে দিন। আমি তা সংশোধন করতে প্রস্তুত। আমি শহীদ হাদীর মতো একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।”
তিনি তার বক্তব্য শেষ করেন জাতীয় সংহতির ডাক দিয়ে— “ঐক্যবদ্ধ বাংলাদেশ সবার আগে।”