
মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
শেরপুরে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী এজেন্ট গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে পথরোধ করে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাসেল বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়া (৩৫) শেরপুর-১ (সদর) আসনে হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল অভিযোগ করেন:
“আমি বিএনপি করি এবং ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলাম বলেই জামায়াতের কর্মীরা আমার ওপর হামলা করেছে। স্থানীয় কেরামত, জামাল, সোহেল ও মনিরের নেতৃত্বে ১২-১৩ জন মিলে আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নিলেও তারা সেখানে গিয়ে আমাকে বেদম মারধর করে।”
খবর পেয়ে হাসপাতালে রাসেলকে দেখতে যান সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, “জামায়াতের এমপি রাশেদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”