
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি নালিতাবাড়ী, শেরপুর।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করেন। তিনি বলেন:
“কোনো ব্যক্তি বা নেতার কথায় নয়, সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে তাদের কাজ করবেন। এলাকার উন্নয়নে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে এবং জনগণের দোয়ারে সেবা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন যে, প্রশাসনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দায়িত্বে অবহেলা এবং যেকোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে এই সভাটি সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন:
উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।
বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।