
শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি উন্নয়নমুখী নেতৃত্বের প্রত্যয় ও তারুণ্যের উদ্দীপনা নিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি। স্থানীয় মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
রাজিব উদ্দিন সুমন ফরাজি ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের সম্ভ্রান্ত ফরাজি পরিবারের সন্তান। তার পিতা মো. গয়েজ উদ্দিন ফরাজি দীর্ঘ সময় ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সেই সেবামূলক ঐতিহ্যের ধারা বজায় রাখতেই রাজিব উদ্দিন সুমন রাজনীতি ও সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন।
ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি বর্তমানে স্থানীয় রাজনীতিতে বেশ সক্রিয়। তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের একজন আস্থাভাজন কর্মী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত।
আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি বলেন:
“ভরপাশা ইউনিয়নকে দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও উন্নত জনপদে পরিণত করাই আমার মূল লক্ষ্য। অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ আমি সফল হব।”
ইউনিয়নের সাধারণ মানুষের মতে, সুমন ফরাজি একজন তরুণ ও উদ্যমী ব্যক্তি। মানবিক উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ইতোমধ্যেই সাধারণ মানুষের মনে আস্থার জায়গা তৈরি করেছে। এলাকাবাসী মনে করছেন, তরুণ এই নেতৃত্ব সুযোগ পেলে ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবেন।